জাতীয়

স্টার্ট-আপ ও উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর

ঢাকা, ৯ জুন – দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন,

আগামী ২০২৬-২৭ অর্থ-বছরের বাজেটে স্টার্ট-আপ তহবিল এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ঢাকা মহানগরের সামগ্রিক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

ঢাকা-৪ আসনের সুনির্দিষ্ট চাহিদার ওপর ভিত্তি করে স্থানীয় উন্নয়ন ও জনজীবন মানোন্নয়নে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিষয়ে মন্ত্রী বলেন, সরকার সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করছে।

নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ভাতার পরিধি আগামী অর্থ-বছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। চলমান ২০২৫-২৬ অর্থ-বছরের সংশোধিত বাজেটে স্টার্ট-আপ তহবিলে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language