জাতীয়

সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা, ৩-৪ দিনে ছড়াবে মৌসুমি বায়ু

ঢাকা, ৮ জুন – দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভ করার জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত সিলেটে রেকর্ড করা হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় বৃষ্টির এই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

এনএন/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language