মধ্যপ্রাচ্য

সৌদিতে মিসাইল হামলার সতর্কতা: প্রিন্স সুলতান বিমানঘাঁটি ঘিরে আতঙ্ক

রিয়াদ, ৮ জুন – সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটবর্তী আল-খার্জ অঞ্চলে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটি অবস্থিত যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন।

উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে রবিবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে তেহরান ছাড়াও তাবরিজ এবং ইস্ফাহান শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করার প্রতিবাদে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় সোমবার সকালে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া দীর্ঘ ৪০ দিনের যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। প্রায় দুই মাস পর ইরানের এই হামলার ফলে দীর্ঘদিনের সেই যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এনএন/ ৮ জুন ২০২৬

Back to top button
🌐 Read in Your Language