ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ৭ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে এ অধিবেশন শুরু হয়। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় জানিয়েছে,
অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মূলত এই অধিবেশনে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত।
আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে গত ৩০ এপ্রিল শেষ হয়।
এস এম/ ৭ জুন ২০২৬









