বিএসইসিতে নতুন নেতৃত্বের শুরুতে চাঙ্গা শেয়ারবাজার, লেনদেনে রেকর্ড

ঢাকা, ৭ জুন – বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের অধীনে প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উল্লেখযোগ্য উত্থানের পাশাপাশি লেনদেনেও বড় গতি দেখা গেছে। বিশেষ করে ডিএসইতে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে এদিন।
বাজার বিশ্লেষণে দেখা যায়,
লেনদেনের শুরু থেকেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। যদিও দিনের শেষভাগে কিছু সিকিউরিটিজের দাম কমেছে, তবুও দিন শেষে সূচক ও লেনদেনের চিত্র ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইতে এদিন ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং ১৬০টির কমেছে।
প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে উন্নীত হয়েছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক এবং ডিএস-৩০ সূচকও বেড়েছে। ঈদুল আজহার আগের ও পরের সময় মিলিয়ে এটি ছিল টানা ১০ কার্যদিবসের উত্থান। এই ১০ দিনে ডিএসইর প্রধান সূচক প্রায় ৩১৩ পয়েন্ট বেড়েছে।
লেনদেনের দিক থেকেও এদিন চমক দেখিয়েছে বাজারটি। রোববার ডিএসইতে মোট ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এটি ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ লেনদেন। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৭৭ কোটি টাকার বেশি। সিএসইর চিত্রও ছিল ইতিবাচক।
সেখানে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে এবং ৮০টির দাম কমেছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ কোটি ২৪ লাখ টাকা।
এর আগে সরকার বিএসইসিতে নতুন নেতৃত্ব নিয়োগ দেয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ক্রাউন সিমেন্টের সিইও মাসুদ খান। কমিশনার হিসেবে নিয়োগ পান নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং নাফিজ-আল-তারিক। নতুন এই নেতৃত্বের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলনই বাজারে দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এস এম/ ৭ জুন ২০২৬









