শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

ঢাকা, ৬ জুন – দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এই অনুষ্ঠানের আয়োজন করে। ডেপুটি স্পিকার বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এই সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রের সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বর্তমান সময়ে অনলাইন এবং অফলাইনে শিশুদের প্রতি সহিংসতার হার বৃদ্ধি পাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি শিশুদের জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে টেকসই কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। ব্যারিস্টার কায়সার কামাল আরও উল্লেখ করেন যে, শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
রামিসা হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে আদালতের মাধ্যমে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এবং এমপি নিপুণ রায় চৌধুরী। এছাড়াও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন।
এস এম/ ৬ জুন ২০২৬









