জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ঘোষণা

ঢাকা, ৬ জুন – রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা, চাকরির সুযোগ এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এই ঘোষণা দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি জানান, ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই, বোন ও সন্তানরা যতদিন জীবিত থাকবেন, ততদিন আদ্-দ্বীন হাসপাতালে এবং এর আওতাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন।

এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদ্-দ্বীন পরিচালিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা অর্জন করলে একাডেমিক শর্ত পূরণ সাপেক্ষে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। তবে আদ্-দ্বীন পরিচালিত মেডিকেল কলেজ বা অধিক ব্যয়সাপেক্ষ পেশাগত শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা হবে।

অ্যাডভোকেট শিশির মনির আরও জানান,

পরিবারের উপযুক্ত ও আগ্রহী সদস্যদের হাসপাতালের যোগ্যতাসম্পন্ন পদে চাকরির সুযোগ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারগুলোকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language