জাতীয়

তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ৩ জুন – জুন মাসের শুরুতেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকাসহ অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদের সঙ্গে তপ্ত বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে হিটস্ট্রোকসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়লে কমতে পারে এই তীব্র গরম। বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘহীন ছিল এবং রোদের তেজ অনেক বেশি অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাব এ অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে আগামীকাল থেকে আকাশে মেঘের আধিক্য বাড়তে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এল নিনোর প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে। তবে আশার কথা হলো, আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তখন উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

দেশজুড়ে পর্যাপ্ত বৃষ্টিপাত শুরু হলে জনজীবনে স্বস্তি ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language