জাতীয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: খুলতে পারে শ্রমবাজারের রুদ্ধ দুয়ার

ঢাকা, ৩ জুন – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন কুয়ালালামপুর সফরের সময় দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা মালয়েশীয় শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সফর শেষে ২৩ জুন প্রধানমন্ত্রী সরাসরি চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন অথবা ঢাকা হয়ে সেখানে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং এশীয় অঞ্চলে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতেই মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরপর তিনি ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চার দিনের সফরে চীনে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে আলোচনার প্রধান বিষয়বস্তু হিসেবে থাকবে অভিবাসন খাত। ২০২৪ সালের ৩১ মে থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রবেশ বন্ধ রয়েছে। এর আগে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও নানা অনিয়মের অভিযোগে দফায় দফায় বাজারটি বন্ধ হয়ে যায়। এবার সেই অচলাবস্থা কাটিয়ে নতুন করে কর্মী পাঠানোর পথ সুগম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমবাজার খোলার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে পরিস্থিতি পরিষ্কার হবে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে সিন্ডিকেট ব্যবস্থা ছিল, তা এবার কঠোরভাবে দমন করা হবে এবং এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হবে। এ ছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং আসিয়ান জোটে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে।

রিক্রুটিং এজেন্সিগুলো এবং অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, টেকসইভাবে বাজারটি উন্মুক্ত করতে হলে পুরনো সমঝোতা স্মারকের ত্রুটিগুলো সংশোধন করা আবশ্যক। বাংলাদেশ ইতোমধ্যে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা মালয়েশিয়া সরকারকে প্রদান করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন এবং ২০২৫ সালের আগস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language