জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

ঢাকা, ৩ জুন – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার এক বার্তায় খলিলুর রহমানকে এই অভিনন্দন জানান তিনি।

ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন যে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। এই ঐতিহাসিক বিজয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ অভিনন্দন জানিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস।

সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে খলিলুর রহমান পান ৯৯ ভোট এবং সাইপ্রাসের কাকোরিস ৯১ ভোট পান। ৮ ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে জয়ী হয়েছেন খলিলুর রহমান।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language