ফুটবল

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ যাত্রা: ভিসা জটিলতায় ইরান ফুটবল দল

তেহরান, ৩ জুন – আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি নিলেও ভিসা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নিতে যাওয়া দলটির সদস্যদের ভিসা এখনো হাতে আসেনি। ইরান ফুটবল ফেডারেশন আশা করছে, মঙ্গলবার তারা মেক্সিকোতে প্রবেশের অনুমতি পাবে এবং শুক্রবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে।

ফেডারেশন প্রধান মেহদি তাজ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, শনিবার তারা স্পেনের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে দলটি সরাসরি মেক্সিকোর তিজুয়ানায় যাবে। তিজুয়ানায় তাদের প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মূলত নিরাপত্তা ইস্যু এবং ফেডারেশনের অনুরোধে আরিজোনার টাকসন থেকে ক্যাম্পটি মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। বাড়তি এই পরিবর্তনের কারণেই এখন নতুন করে মেক্সিকোর ভিসার প্রয়োজন পড়ছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান দুটি ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে। আগামী ১৫ জুন তাদের প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এর ছয় দিন পর বেলজিয়ামের মুখোমুখি হবে টিম মেলি। এছাড়া ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ফিফা শুরু থেকেই ইরানের অংশগ্রহণের বিষয়ে নিশ্চয়তা দিয়ে আসছে। তবে ভিসা সংক্রান্ত জটিলতা শুরু হয় গত এপ্রিলে, যখন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে অতীত সম্পৃক্ততার অভিযোগে মেহদি তাজের কানাডায় প্রবেশের ভিসা বাতিল করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি ফুটবল দলের সদস্যদের ওপর কড়া নজরদারি রাখা হবে। তিনি স্পষ্ট করেছেন যে, অ্যাথলেট বা সাপোর্ট স্টাফদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে ক্রীড়া সংশ্লিষ্ট নয় এমন কাউকে বা কোনো বিশেষ সংস্থার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতিনিধি দলে রাখা হলে তা কোনোভাবেই গ্রহণ করা হবে না। বর্তমানে যুদ্ধের প্রভাবে ইরানে পেশাদার ফুটবল লিগ বন্ধ থাকলেও জাতীয় দলটি তুরস্কের আনতালিয়া শহরে তাদের বিশ্বকাপ প্রস্তুতি অব্যাহত রেখেছে।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language