নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: ফোনালাপে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে গালিগালাজ

ওয়াশিংটন, ২ জুন – যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধির ঘটনায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে নেতানিয়াহুকে কঠোর ভাষায় ভর্ৎসনা করার পাশাপাশি তাকে পাগল বলে অভিহিত করেছেন তিনি।
সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার তাদের মধ্যকার এই ফোনালাপ ছিল অত্যন্ত উত্তপ্ত এবং ট্রাম্প এ সময় ক্ষোভ উগরে দেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা না থামলে ইরান আলোচনা থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার পর ট্রাম্প এই ফোনটি করেন।
ফোনালাপে ট্রাম্প অভিযোগ করেন যে, নেতানিয়াহু অকৃতজ্ঞের মতো আচরণ করছেন। এমনকি বৈরুতে হামলার যে পরিকল্পনা ইসরায়েল করছিল, ট্রাম্পের হস্তক্ষেপেই তা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প বলেন, তার সমর্থনের কারণেই নেতানিয়াহুকে আজ কারাগারে যেতে হয়নি।
উল্লেখ্য যে, যুদ্ধাপরাধের অভিযোগ ছাড়াও ইসরায়েলের ভেতরে দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়াধীন রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ট্রাম্প তাকে এই মামলা থেকে রেহাই দেওয়ার বিষয়ে একাধিকবার প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্প আরও সতর্ক করেন যে, বর্তমানে লেবাননে হামলা অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে।
তিনি মনে করেন, নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে বর্তমানে পুরো বিশ্বের কাছে ইসরায়েল ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এই আলোচনার পর ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে দাবি করেন, হিজবুল্লাহ এবং ইসরায়েল কেউ কারো ওপর হামলা চালাবে না।
যদিও পরবর্তীতে নেতানিয়াহু এক বিবৃতিতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ফোনালাপের সময় ট্রাম্পের ধমকের মুখে নেতানিয়াহু বেশ নমনীয় সুরে কথা বলেছেন।
এস এম/ ২ জুন ২০২৬









