ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

ঢাকা, ৩০ মে – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও ফুটওভার ব্রিজের সামনে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন যশোরের মনিরামপুর এলাকার আসাদুল্লাহর ছেলে জারিফ এবং কুমিল্লার মুরাদনগরের হাসান শরীফের ছেলে সাদ হাসান। তাদের উভয়ের বয়স ১৭ বছর।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান,
সকাল ৬টা ৩৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে।
এস এম/ ৩০ মে ২০২৬








