জাতীয়

রাজধানীর হাটে খাসির দামে উত্তাপ, ছোট ছাগলও সাধ্যের বাইরে

ঢাকা, ২৬ মে – পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন বাকি থাকতে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে খাসির চাহিদা ও দাম উভয়ই বেড়েছে। রাজধানীর মিরপুরের কালশী এলাকার পশুর হাট ঘুরে দেখা গেছে, এবার গরুর তুলনায় খাসির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকলেও অতিরিক্ত দামের কারণে অনেকেই বিপাকে পড়েছেন।

হাটে আসা ছোট আকারের খাসি বর্তমানে ১৭ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ও বড় সাইজের খাসির জন্য বিক্রেতারা ৩০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত দাম চাচ্ছেন। হাটে দেশি, ব্ল্যাক বেঙ্গল, যমুনাপারি, বিটাল ও সিরোহিসহ বিভিন্ন জাতের খাসির দেখা মিললেও আকাশচুম্বী দামের কারণে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে দেখা গেছে।

বিক্রেতাদের দাবি, পশুখাদ্য, পরিবহন এবং লালন-পালন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তারা দাম কমাতে পারছেন না। কুষ্টিয়া থেকে আসা বিক্রেতা রবিউল জানান, সারা বছর লাভের আশায় পশুপালন করার পর এখন লোকসানে বিক্রি করা সম্ভব নয়।

অন্যদিকে মিরপুরের ক্রেতা নুরুল ইসলাম জানান, ১৮ থেকে ২০ হাজার টাকার মধ্যে ভালো খাসি পাওয়ার আশা থাকলেও বাজারে এসে দেখা যাচ্ছে এই দামে শুধু ছোট আকারের খাসি পাওয়া যাচ্ছে।

বাজারের ইজারাদাররা জানান, বিকেলের পর থেকে ভিড় বাড়লে বিক্রি আরও বৃদ্ধি পাবে এবং আগামীকাল ঈদের আগের দিন হওয়ায় বাজার আরও জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। হাটে প্রতি ১০০ টাকায় ৫ টাকা হারে হাসিল আদায় করা হচ্ছে বলেও জানান তারা।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language