জাতীয়

আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দেশের তাপমাত্রা

ঢাকা, ২৫ মে – দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও আগামী পাঁচ দিন বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝিতে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমলেও পাঁচ দিন পর বৃষ্টির প্রবণতা কমে আবারও গরম বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার থেকে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবারের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। এর ফলে দেশের তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে।

মূলত সপ্তাহের শেষ দিকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language