জাতীয়

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

ঢাকা, ২৪ মে – প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেন ও মেট্রোরেল ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে এই নতুন সুবিধা কার্যকর হতে যাচ্ছে। রবিবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বাংলাদেশ রেলওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী,

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে। অন্যদিকে, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুবর্ণ পরিচয়পত্রধারীরা এই বিশেষ ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।

আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এই শ্রেণি নেই সেখানে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান ৫০ শতাংশ ছাড়ের নিয়ম আগের মতোই বহাল থাকবে। একই সঙ্গে মেট্রোরেলেও সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী যাত্রীরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ প্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনিয়র সিটিজেনদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এবং প্রতিবন্ধীদের সুবর্ণ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এই ছাড় দেওয়া হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সোমবার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উদ্যোগের ফলে দেশের প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সাশ্রয়ী ও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language