ঈদুল আজহা উপলক্ষে রেমিট্যান্স প্রবাহে চাঙ্গা ভাব ২৩ দিনে এল ৩ বিলিয়ন ডলার

ঢাকা, ২৪ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা দেশে উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। এর ফলে মে মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহে ব্যাপক গতিশীলতা লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মে মাসের প্রথম ২৩ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে মে মাসের এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৬ হাজার ৩০৭ কোটি ২০ লাখ টাকা।
এর আগে ২০২৫ সালের মে মাসের প্রথম ২৩ দিনে দেশে ২১০ কোটি ৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি বছরে সেই তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ ২৩ মে একদিনেই দেশে ১৭ কোটি ৩৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
অন্য দিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত সময়ে দেশে আসা মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি ৯ লাখ ডলারে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।
এর আগের মাসগুলোতেও রেমিট্যান্সের প্রবাহ ছিল ইতিবাচক। গত এপ্রিল মাসে দেশে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। আর মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। এ ছাড়া একই বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স আসার তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এস এম/ ২৪ মে ২০২৬









