বায়তুল মোকাররমে ঈদুল আযহার ৫টি জামাত: সময়সূচি ও ইমামদের তালিকা প্রকাশ

ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে এই জামাতগুলোর সময়সূচি ও ইমামদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান।
মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক। এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এই জামাতের ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।
এতে মুকাব্বির হিসেবে থাকবেন মো. আব্দুল হাদী। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই জামাতের ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।
কোনো কারণে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে যে সকল ইমাম মুকাব্বির এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের আগে জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করছে মসজিদ কর্তৃপক্ষ।
এস এম/ ২৪ মে ২০২৬









