ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৩ মে – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং তেহরান এই বিষয়টি ভালোভাবেই জানে। নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে খুব দ্রুতই চলমান পরিস্থিতির একটি সমাপ্তি ঘটবে। ট্রাম্প তার বক্তব্যে আরও জানান যে ইরান ও ভেনেজুয়েলা ইস্যুতে ওয়াশিংটনের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বব্যাপী কীভাবে মূল্যায়িত হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন যে দেশটি থেকে উত্তোলিত তেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংশ্লিষ্ট সামরিক ব্যয়ের প্রায় ২৫ গুণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের আনুমানিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের ধারণা প্রকৃত ব্যয়ের পরিমাণ সরকারি হিসাবের চেয়ে আরও অনেক বেশি হতে পারে।
বিশ্ব রাজনীতিতে যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী কঠোর অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা চলছে ঠিক তখনই ট্রাম্পের পক্ষ থেকে এমন মন্তব্য এল।
এস এম/ ২৩ মে ২০২৬









