ইরানের ইউরেনিয়াম মজুত উদ্ধারে অনড় ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২২ মে – ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত উদ্ধারে অনড় অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই তেজস্ক্রিয় উপাদান কোনোভাবেই মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে না। এই ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা এটি উদ্ধার করবই। আমাদের এটি প্রয়োজন নেই এবং আমরা এটি চাইও না। উদ্ধারের পর সম্ভবত আমরা এটি ধ্বংস করে দেব, তবে তাদের কাছে কোনোভাবেই তা রাখা যাবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৯০০ পাউন্ড উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এই বিশাল মজুত মাটির নিচে চাপা পড়েছিল। এই ভূগর্ভস্থ ইউরেনিয়াম উদ্ধার করাকেই এখন ট্রাম্পের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। অন্যদিকে, ওয়াশিংটনের এমন হুঁশিয়ারির পর কঠোর অবস্থানে রয়েছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন।
সেখানে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী এই ইউরেনিয়াম কোনো অবস্থাতেই এবং কোনো চুক্তির বিনিময়ে দেশের বাইরে পাঠানো যাবে না।
এস এম/ ২২ মে ২০২৬









