কিউবাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ওয়াশিংটন, ২২ মে – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যে নিকট ভবিষ্যতে ক্যারিবিয়ান এই দেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
রুবিও কিউবা ইস্যুতে একটি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে ট্রাম্প প্রশাসনের প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন। তিনি কিউবাকে আমেরিকা অঞ্চলের সন্ত্রাসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করেছেন।
রুবিও আরও জানান যে,
কিউবার বর্তমান নেতৃত্বের সঙ্গে কোনো অর্থবহ চুক্তিতে আসা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ মার্কো রুবিওর এই বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন যে কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।
রদ্রিগুয়েজের দাবি যে রুবিওর এমন বক্তব্য কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসন উসকে দেওয়ার একটি নীল নকশা মাত্র। তিনি ওয়াশিংটনকে কিউবার ওপর নিষ্ঠুর ও পরিকল্পিত হামলার প্রস্তুতির অভিযোগেও অভিযুক্ত করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার ফলে কিউবায় জ্বালানি তেলের তীব্র সংকট চলছে যা দেশটিতে বিদ্যুৎ ও খাদ্য পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
তবে রুবিও উল্লেখ করেছেন যে সম্প্রতি কিউবা মানবিক সহায়তা হিসেবে ওয়াশিংটনের দেওয়া ১০ কোটি ডলারের প্রস্তাব গ্রহণ করেছে। এসবের পাশাপাশি ফ্লোরিডার মিয়ামি আদালতে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে রুবিওকে প্রশ্ন করা হলে তিনি জানান যে রাউল ক্যাস্ত্রোকে বিচারের মুখোমুখি করার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে তিনি আগেভাগে সংবাদমাধ্যমে কোনো তথ্য প্রকাশ করবেন না।
এস এম/ ২২ মে ২০২৬









