ফুটবল

নিউইয়র্কবাসীর জন্য মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট ঘোষণা করলেন মেয়র মামদানি

আলবানি, ২২ মে – আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য এবং যাতায়াত ব্যয়ের আলোচনা যখন তুঙ্গে, তখন নিউইয়র্কবাসীর জন্য অভাবনীয় এক ঘোষণা দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মাত্র ৫০ ডলারে ১০০০টি টিকিট বিক্রির ঘোষণা করেছেন তিনি।

হারলেমের লিটল সেনেগাল এলাকায় মার্কিন ফরোয়ার্ড টিমোথি উইয়াহকে সঙ্গে নিয়ে এই বিশেষ উদ্যোগের কথা জানান মেয়র। মামদানি এই টিকিটের মূল্যকে নিউইয়র্ক শহরের জনপ্রিয় পাঁচ কাপ কফির দামের সঙ্গে তুলনা করেছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি ম্যাচের জন্য প্রতিটিতে প্রায় ১৫০টি করে টিকিট বরাদ্দ রাখা হয়েছে। তবে ১৯ জুলাইয়ের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি এই বিশেষ কোটার বাইরে রাখা হয়েছে। বর্তমানে ফাইনাল ম্যাচের কিছু টিকিটের দাম ৩৩ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে।

মেয়র জানিয়েছেন,

এই বিশেষ টিকিটের ক্রেতাদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামূল্যে বাসের সুবিধা দেওয়া হবে। আগামী ২৫ মে থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের মধ্যে এই টিকিট বিতরণ শুরু হবে।

টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থান নিয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত এই মেয়র। তিনি নির্দেশ দিয়েছেন যেন এই টিকিটগুলো শুধুমাত্র নিউইয়র্ক সিটির প্রকৃত বাসিন্দারাই পান। টিকিটগুলো হস্তান্তরযোগ্য হবে না এবং বাসিন্দাদের পরিচয় যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি ম্যাচের দিন বাসে ওঠার সময় সমর্থকদের হাতে সরাসরি টিকিট তুলে দেওয়া হবে।

উল্লেখ্য যে,

নির্বাচনী প্রচারণার সময় থেকেই জোহরান মামদানি ফিফার টিকিটের মূল্য কমানোর দাবি জানিয়ে আসছিলেন। তিনি মোট টিকিটের ১৫ শতাংশ স্থানীয় বাসিন্দাদের জন্য স্বল্পমূল্যে সংরক্ষণের আহ্বান জানিয়েছিলেন।

বর্তমানে ঘোষিত ৫০ ডলারের এই টিকিটগুলো সরাসরি ফিফা থেকে আসেনি, বরং নিউইয়র্ক ও নিউজার্সির যৌথ আয়োজক কমিটির জন্য নির্ধারিত কোটা থেকে সংগ্রহ করা হয়েছে। আগামী ১৩ জুন থেকে মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলা শুরু হবে, যেখানে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো দলগুলোর মাঠে নামার কথা রয়েছে।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language