ফুটবল

বিশ্বকাপ দলে ডাক পেয়ে আবেগাপ্লুত নেইমার, কয়েক ঘণ্টা কাঁদলেন এই তারকা

ব্রাসিলিয়া, ২১ মে – ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই চোট ও ফিটনেসজনিত জটিলতায় ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।

কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত দলে নাম অন্তর্ভুক্ত হওয়ার সংবাদ পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কোয়াড ঘোষণার সময় বান্ধবী বিয়ানকার্দির সঙ্গে উৎকণ্ঠা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন তিনি। নিজের নাম শোনার পরপরই কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফুটবলার।

তাৎক্ষণিকভাবে তিনি জড়িয়ে ধরেন তার পুনর্বাসন প্রক্রিয়ায় সার্বক্ষণিক সহায়তা করা ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি ও ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে। নেইমার জানিয়েছেন, দলে ফেরার আনন্দে তিনি কয়েক ঘণ্টা পর্যন্ত কেঁদেছেন। সান্তোস ক্লাবের সতীর্থ ও কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

তিনি আরও জানান,

এই অর্জন শুধু তার একার নয়, বরং যারা মাঠে ও মাঠের বাইরে তার সুস্থতার জন্য নিরলস পরিশ্রম করেছেন, এটি তাদের সবার সাফল্য। বারবার চোট কাটিয়ে ফেরার তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে নেইমার বলেন, ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। প্রতিকূলতা পেরিয়ে আসার এই প্রচেষ্টাকে সার্থক মনে করছেন তিনি।

উল্লেখ্য,

ব্রাজিলের জার্সিতে ৭৯টি গোল করা ৩৪ বছর বয়সী এই ফুটবলারের জন্য এটি হবে চতুর্থ বিশ্বকাপ আসর। দেশের হয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে সমর্থকদের নিরন্তর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আগামী ২৭ মে থেকে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

এরপর পানামা ও মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ১৩ জুন মরক্কোর বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।

এস এম/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language