গাবতলী পশুর হাটে গরু ও মহিষের ঢল, মহিষ কিনলে গরু ফ্রির অফার

ঢাকা, ২১ মে – পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ও মহিষ আসতে শুরু করেছে। তবে হাটে পশুর সরবরাহ বাড়লেও এখনও বিক্রি জমে ওঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা। সরেজমিন দেখা যায়, হাটে পর্যাপ্ত পরিমাণে পশু এখনও এসে পৌঁছায়নি এবং মূলত বাঁশ ও খুঁটি বসানোর কাজ চলছে।
বিক্রেতারা তাদের পশুদের খাবার দেওয়া ও বিশ্রামের মাধ্যমে সময় পার করছেন। কুষ্টিয়া থেকে আসা রমিজ উদ্দিন জানান, তিনি দুটি গরু নিয়ে হাটে এসেছেন এবং ১০ লাখ টাকা দাম চাচ্ছেন। তবে ক্রেতারা এখন মূলত বাজার পরিস্থিতি ও দামের ধারণা নিচ্ছেন।
মেহেরপুর এগ্রোর হিরা ব্যাপারী জানান,
তার খামারের ২৬টি গরু বর্তমানে হাটে রয়েছে এবং আরও ৮০টি গরু আনার প্রস্তুতি চলছে। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ১৫টি গরু নিয়ে আসা জিয়া ব্যাপারী আশা প্রকাশ করেন যে ঈদের আগে পশুগুলো বিক্রি হয়ে যাবে। জামালপুর থেকে আসা জাকারিয়া প্রায় ৮০টি গরু হাটে এনেছেন।
তিনি জানান,
খাবার ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার গরুর দাম কিছুটা বেশি। এবারের গাবতলী হাটের অন্যতম আকর্ষণ কেরানীগঞ্জের লাকীচর থেকে আসা মজিবুর রহমানের এক টন ওজনের বিশালাকৃতির মহিষ। প্রায় ২৫ লাখ টাকা দামের এই মহিষটি কিনলে দুই মণ ওজনের একটি সাদা রঙের গরু ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মহিষটি দেখতে এবং এর বিশেষ অফার নিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
এস এম/ ২১ মে ২০২৬









