জাতীয়

পল্লবীতে শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও শাস্তি দাবি জামায়াত আমিরের

ঢাকা, ২০ মে – রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই বিচার দাবি করেন।

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন রামিসা ছিল তার বাবা ও মায়ের স্বপ্নের এক অংশ। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে বিষয়টিকে অত্যন্ত অমানবিক হিসেবে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে শিশুটি যৌন লালসার শিকার হয়েছিল এবং ঘটনাটি ধামাচাপা দিতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন করার উদ্দেশ্যে মরদেহ বিকৃত করার চেষ্টাও করে অভিযুক্ত ব্যক্তি।

পুলিশ জানায় রামিসার মা যখন তাকে খুঁজতে প্রতিবেশীর দরজায় যান তখন অভিযুক্তের স্ত্রী দীর্ঘ সময় দরজা বন্ধ রেখে স্বামীকে পালানোর সুযোগ করে দিয়েছিলেন। ময়নাতদন্ত ও ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট হাতে এলে ঘটনার নেপথ্যে থাকা সব তথ্য নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language