জাতীয়

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা ডিএমপি কমিশনারের

ঢাকা, ২০ মে – রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বুধবার রাজধানীতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন যে অপরাধী যে-ই হোক না কেন, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় ঢাকা গড়ে তুলতে ডিএমপি কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে।

তিনি উল্লেখ করেন যে প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও সাইবার প্রতারণা বর্তমানে বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ নিয়ন্ত্রণে গত ১ মে থেকে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

সাইবার অপরাধ মোকাবিলায় ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করার পরিকল্পনা জানানো হয়। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে যা সাইবার আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান যে গুরুত্বপূর্ণ সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন ব্যবস্থা চালু হয়েছে।

আসন্ন ঈদুল আজহা কেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে কমিশনার বলেন, পশুর হাট, ঈদের জামাত ও শপিংমল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অজ্ঞান পার্টি ও জাল নোট চক্র প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।

বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

পরিশেষে তিনি পুলিশের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রচারণা চালানোর জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন।

এনএন/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language