ঈদুল আজহায় হাসপাতালের জরুরি সেবায় স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ দফা নির্দেশনা

ঢাকা, ১৯ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিকসমূহ ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাসমূহ প্রদান করা হয়।
নির্দেশনা অনুযায়ী,
- জরুরি বিভাগে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিয়ে সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে হবে।
- পাশাপাশি জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার কক্ষ, ল্যাবরেটরি, সিটি স্ক্যান এবং এমআরআই সেবা দিনরাত ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
- ঈদকে কেন্দ্র করে কর্মস্থলে পর্যাপ্ত জনবল বজায় রাখতে স্বাস্থ্যকর্মীদের ছুটি পর্যায়ক্রমে সমন্বয় করার কথা বলা হয়েছে।
- কোনো প্রতিষ্ঠানের প্রধান ছুটি নিতে চাইলে তাকে অবশ্যই বিধি মোতাবেক কাউকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে
- সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকদের অবহিত করে কেবল ঈদের ছুটিকালীন সময়ে নিজ জেলার মধ্যে প্রয়োজনীয় জনবল সমন্বয় করা যাবে।
- হাসপাতালের অন্তর্বিভাগীয় ইউনিট প্রধানরা প্রতিদিন তাদের বিভাগের কার্যক্রম তদারকি করবেন।
- এছাড়া উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অনকল সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
- বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে শিশু ওয়ার্ড এবং হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে।
- ছুটির দিনগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন সকালে ও বিকেলে দুইবার রোগীদের রাউন্ড দেবেন।
- ছুটি শুরুর আগেই প্রয়োজনীয় ওষুধ, আইভি ফ্লুইড, সার্জিক্যাল সামগ্রী এবং রাসায়নিক রি-এজেন্ট পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে হবে।
- এক্ষেত্রে স্টোর কিপার বা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিজ জেলা বা উপজেলায় অবস্থান বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক চালু রাখা এবং হাসপাতালের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রোগীদের জন্য ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন এবং ৭২ ঘণ্টার বেশি বহির্বিভাগ বন্ধ না রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকেও জরুরি ও প্রসূতি সেবা চালু রাখার পাশাপাশি রেফার করার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পশুর হাটের নিকটবর্তী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পাশাপাশি যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনার খবর তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষকে জানাতে বলা হয়েছে।
এস এম/ ১৯ মে ২০২৬








