জনপরিসর থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ বহাল রাখল ভারতীয় সুপ্রিম কোর্ট

নয়া দিল্লী, ১৯ মে – ভারতের বিভিন্ন জনপরিসর যেমন হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার পূর্ব নির্দেশ বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই নির্দেশ সংশোধনের জন্য দায়ের করা একটি আবেদন মঙ্গলবার খারিজ করে দেন শীর্ষ আদালত।
আদালত পর্যবেক্ষণে জানায় যে,
ভবঘুরে কুকুরের আক্রমণের ঘটনা বর্তমানে জননিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং বিদেশি পর্যটকদের ওপর হামলার ঘটনাগুলো আশঙ্কাজনক হারে বাড়ছে।
সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করে যে,
আগের রায় পুনর্বিবেচনার সপক্ষে আবেদনকারীরা কোনো সুনির্দিষ্ট কারণ দর্শাতে পারেনি। এছাড়া বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে রাজ্য সরকারগুলোর কার্যকর ভূমিকার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। আদালতের মতে, কুকুরের সংখ্যা বৃদ্ধির অনুপাতে প্রয়োজনীয় অবকাঠামো বা সদিচ্ছার ঘাটতি লক্ষ্য করা গেছে।
টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচিগুলো কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই পরিচালনা করা হচ্ছে বলে মনে করে শীর্ষ আদালত। এর ফলে পশু জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির মূল লক্ষ্যই ব্যাহত হচ্ছে।
এস এম/ ১৯ মে ২০২৬









