জাতীয়

হাম নিয়ন্ত্রণে প্রতিটি হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালুর নির্দেশ

ঢাকা, ১৯ মে – দেশজুড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু করা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে সংস্থাটি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে,

সরকারি সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম আক্রান্ত রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড বা কেবিন দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে। একই সাথে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয় যে,

হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল এবং বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সংক্রমণের ঝুঁকি এড়াতে রোগীর সাথে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়। পাশাপাশি ভর্তি হওয়া রোগীদের তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এমআইএস সার্ভারে আপলোড করার জন্য সকল প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language