অস্ট্রেলিয়া

সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে প্রবাসী বাংলাদেশি গ্রেফতার

সিডনি, ১৯ মে – অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত দুই শিশুর বয়স ছিল যথাক্রমে ১২ ও ৫ বছর। সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি সেবার নম্বরে ফোন করে ঘটনার কথা জানান।

তথ্য পেয়ে পুলিশ দ্রুত ক্যাম্পবেল টাউন এলাকার একটি বাসায় অভিযান চালায় এবং সেখান থেকে ৪৬ বছর বয়সী এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। আইনি বাধ্যবাধকতার কারণে অভিযুক্ত এবং নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও সহিংস হিসেবে বর্ণনা করেছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে তবে ঘটনাস্থল থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে এই পরিবারটি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। অভিযুক্ত ব্যক্তি বাসায় থেকে তার বিশেষ চাহিদাসম্পন্ন দুই সন্তানের দেখাশোনা করতেন এবং তার স্ত্রী কর্মজীবী হিসেবে সংসারের খরচ নির্বাহ করতেন।

গ্রেফতারের পর ওই ব্যক্তির বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত তিনটি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে ক্যাম্পবেল টাউন আদালতে হাজির করা হলে তার পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন আইনজীবী জাওয়াদ হোসাইন। পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে এই পরিবারের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল না।

এই মর্মান্তিক ঘটনায় ক্যাম্পবেল টাউন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language