ফায়ার সার্ভিসের সুযোগ সুবিধা ও সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৯ মে – ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পেশাগত দক্ষতা ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
দেশে ভূমিকম্পের প্রবল আশঙ্কা রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ বা বিপদে সাধারণ মানুষের পাশে সবার আগে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাই তাদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা, জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আড়াই শতাধিক সদস্যের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয় এবং তারা বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ৯ জনকে বুনিয়াদী পদক এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য ২০ জনকে বিশেষ পদক প্রদান করেন। এছাড়া গত তিন বছরের অর্জনের স্বীকৃতি হিসেবে আরও ১৩৮ জনকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়।
এস এম/ ১৯ মে ২০২৬









