জাতীয়

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব আব্দুল মান্নান

ঢাকা, ১৭ মে – বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) শীর্ষ পদে বড় পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। তিনি বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আজ রোববার (১৭ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক জরুরি অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও বেগবান করার সুবিধার্থে অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে তাঁর বর্তমান পদের পাশাপাশি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) এক আকস্মিক আদেশে পেট্রোবাংলার তৎকালীন চেয়ারম্যান মো. এরফানুল হককে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে পেট্রোবাংলা থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছিল। এরফানুল হককে সরিয়ে দেওয়ার তিন দিনের মাথায় আজ আব্দুল মান্নানকে এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাল সঁপে দিল সরকার।

সংশ্লিষ্ট মহলের ধারণা, দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একজন অভিজ্ঞ এবং পরিকল্পনা বিভাগের দক্ষ কর্মকর্তাকে এই পদে আনা হয়েছে, যা চলমান বিভিন্ন গ্যাস ও খনিজ অনুসন্ধান প্রকল্প দ্রুত বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এনএন/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language