৫০০ শিশুর মৃত্যুর দায় কার? হামের তণ্ডবে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তদন্তের দাবি সাইফুল হকের

ঢাকা, ১৭ মে – দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে প্রায় পাঁচশত শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই ভয়াবহ প্রাণহানির পেছনে হামের সঙ্গে অন্য কোনো মারণঘাতী ভাইরাস যুক্ত হয়েছে কিনা—তা দ্রুত ল্যাব টেস্টের মাধ্যমে খতিয়ে দেখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।
আজ রোববার (১৭ মে) সেগুনবাগিচার তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘শিক্ষা বিষয়ক’ এক বিশেষ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। শিশুদের এই গণমৃত্যুর দায় স্বাস্থ্য মন্ত্রণালয় এড়াতে পারে না উল্লেখ করে এর পেছনে কোনো অবহেলা ছিল কিনা, তা তদন্তের দাবি তোলেন এই বামপন্থি নেতা।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টে দুই মাসে ৪৫৯ শিশুর মৃত্যুর খতিয়ান প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনেও এটি বড় আলোচনার জন্ম দিয়েছে। সাইফুল হক তার বক্তব্যে টিকাদান কর্মসূচির ব্যর্থতার দিকে আঙুল তোলেন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “প্রায় পাঁচশ শিশুর এই মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে তো নিতেই হবে। হামের টিকা আমদানি ও যথাসময়ে তা দেওয়ায় কোনো ঘাটতি ছিল কিনা এবং চিকিৎসায় অবহেলার বিষয়ে যদি বিগত অন্তর্বর্তী সরকারের কোনো দায় থাকে, তবে তা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
পাশাপাশি, বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সংকট মোকাবিলায় কতটুকু কার্যকারিতা ও দায়িত্ব রয়েছে, তা-ও জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক উল্লেখ করেন যে, আক্রান্ত ও মৃত শিশুদের সিংহভাগই দরিদ্র ও প্রান্তিক পরিবারের। অপুষ্টির কারণে এই শিশুরা ভাইরাসের আক্রমণ ঠেকাতে পারছে না।
কর্মশালায় তার উত্থাপিত প্রধান দাবিগুলো:
ভাইরাস পরীক্ষা: হামের সঙ্গে নতুন কোনো স্ট্রেন বা অন্য ভাইরাস যুক্ত হয়ে রোগটিকে আরও পুশ করছে কিনা, তা নিয়ে উচ্চতর গবেষণা করা।
বাজেটে অগ্রাধিকার: আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ বাড়ানো।
ফ্রি চিকিৎসা: সমাজের গরিব ও প্রান্তিক পরিবারের আক্রান্ত শিশুদের জন্য বিশেষ ক্যাম্প করে বিনামূল্যে পুষ্টিকর খাবার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপুর পরিচালনায় উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ এবং কেন্দ্রীয় সংগঠক আজাদুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সবাই দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার এবং মহামারি রূপ নেওয়া হাম নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির দাবি জানান।
এনএন/ ১৭ মে ২০২৬









