নিহত দুই রাজস্ব কর্মকর্তার পরিবারের পাশে থাকার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

চট্টগ্রাম, ১৬ মে – নিহত সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ও মো. জুনায়েদের পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ শনিবার দুপুরে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে তার কার্যালয়ে এই দুই কর্মকর্তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন।
এ সময় চেয়ারম্যান তাদের সান্ত্বনা দেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে ফেরার পথে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী।
পরদিন ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, ঢাকা কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জুনায়েদ গত ৪ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
ওইদিন ভোরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি পিকআপ যোগে তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
এই দুই মেধাবী কর্মকর্তার অকাল মৃত্যুতে রাজস্ব বিভাগে শোকের ছায়া নেমে আসে। এনবিআর চেয়ারম্যান শোকসন্তপ্ত পরিবারগুলোর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এস এম/ ১৬ মে ২০২৬









