ক্রিকেট

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ১৬ মে – তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার সাবেক ক্রিকেটার এবং বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ ইকবাল এবং খালেদ মাসুদ পাইলট। এর আগে গত ১১ মে বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আগের রিটটি খারিজ করে দেন হাইকোর্ট।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।

গত ৩০ এপ্রিল বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রথম দফায় রিট দায়ের করা হয়েছিল। রিটে এই কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবী গত ৭ এপ্রিল গঠিত এই কমিটির বিরুদ্ধে আবেদন করেন।তিন মাস মেয়াদী এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

কমিটির অন্য সদস্যরা হলেন,

  • রাশনা ইমাম,
  • মির্জা ইয়াসির আব্বাস,
  • সৈয়দ ইব্রাহিম আহমেদ,
  • ইসরাফিল খসরু,
  • মিনহাজুল আবেদীন,
  • আতহার আলী খান,
  • তানজিল চৌধুরি,
  • সালমান ইস্পাহানি,
  • রফিকুল ইসলাম বাবু ও
  • ফাহিম সিনহা।

জাতীয় ক্রীড়া পরিষদ জানায় যে একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সাময়িকভাবে বোর্ড পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language