উত্তর আমেরিকা

তাইওয়ান ইস্যুতে ট্রাম্প পরিস্থিতি বোঝেন, জানালেন মার্কিন অর্থমন্ত্রী

ওয়াশিংটন, ১৪ মে – বেইজিং সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি হুঁশিয়ারি দেওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রসঙ্গের সংবেদনশীলতা সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং আগামী কয়েক দিনের মধ্যে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

গত বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত এমনকি যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন যে, বেইজিংয়ের দাবি করা এই দ্বীপটি নিয়ে উত্তেজনা বাড়লে বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক শক্তির মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি বোঝেন এবং এর পেছনে থাকা জটিলতাগুলোও তার নখদর্পণে রয়েছে। যারা তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা আসলে ট্রাম্পের আলোচনা ও দর কষাকষির কৌশল সম্পর্কে অবগত নন।

উল্লেখ্য, তাইওয়ান একটি গণতান্ত্রিক রাষ্ট্র হলেও চীন একে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বিরোধের বিষয় হিসেবে দাঁড়িয়ে আছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language