হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, বৃহস্পতিবার হবে অস্ত্রোপচার

নয়া দিল্লী, ১৩ মে – ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের জন্য বুধবার তাকে গুরগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্যকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেডান্তা দ্য মেডিসিটিতে নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তার একটি ছোট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ নিয়ে তিনবার হাসপাতালে চিকিৎসা নিতে হলো সোনিয়া গান্ধীকে।
এর আগে গত মার্চ মাসে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় উচ্চ জ্বরের কারণে তার শরীরে সংক্রমণ ধরা পড়েছিল এবং দীর্ঘ সময় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। এর আগে বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানেও বেশ কিছুদিন নিয়মিত চিকিৎসা নিয়েছেন এই প্রবীণ রাজনীতিক। বর্তমানে অস্ত্রোপচারের প্রস্তুতি হিসেবে তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এস এম/ ১৩ মে ২০২৬









