১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালুর লক্ষ্য

ঢাকা, ১৩ মে – মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি জানান যে সম্ভাব্য উদ্বোধনের তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরকে বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স শীর্ষক এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় যাত্রীসেবার মানোন্নয়নে বিমানের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আইএফসি, সিএএবি ও বিমানের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বলে জানানো হয়। টার্মিনাল চালুর প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রেখে গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
এছাড়া কনসেশন এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে তৃতীয় টার্মিনালের অপারেশন কার্যক্রম চালুর সম্ভাব্য সময়সীমা উপস্থাপন করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। সভায় আরও জানানো হয় যে অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার কার্যক্রম আগামী জুনের মধ্যে শুরু করতে জাপানিজ ওয়ার্কিং গ্রুপকে অনুরোধ করা হয়েছে যাতে নির্ধারিত সময়সীমার মধ্যেই তৃতীয় টার্মিনালটি চালু করা সম্ভব হয়।
এস এম/ ১৩ মে ২০২৬









