যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার

ঢাকা, ১২ মে – যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি সরকার পর্যালোচনা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন। উপদেষ্টা বলেন, বর্তমান চুক্তিতে এটি বাতিল করার বিধান রয়েছে।
৬০ দিনের আগাম নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করা সম্ভব। এছাড়া চুক্তির আরেকটি শর্ত অনুযায়ী দুই দেশ আলোচনার মাধ্যমে এর বিভিন্ন ধারায় পরিবর্তন আনতে পারে। ডা. জাহেদ উর রহমান জানান, তিনি বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এই চুক্তিটি অত্যন্ত শক্তিশালী এবং এটি বাতিলের প্রভাব সম্পর্কে সরকার সচেতন রয়েছে। কোন প্রেক্ষাপটে এটি স্বাক্ষরিত হয়েছিল সেটিও বিবেচনা করা হচ্ছে।
তবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা সমস্যাজনক মনে হওয়া বিষয়গুলো নিয়ে প্রাথমিক পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে নেগোসিয়েশনের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা হবে। হুট করে বাতিল করা হলে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদ্যমান চুক্তিগুলোর আইনি বাধ্যবাধকতা অনেক সময় বেশ কঠোর হয়।
অনেক ক্ষেত্রে চুক্তি থেকে বেরিয়ে আসাটা সেখানে থাকার চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে। তবে একটি গণতান্ত্রিক সরকার জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি আরও জানান, কিছু চুক্তিতে গোপনীয়তার শর্ত থাকলেও সেগুলো সংসদে তোলার সাংবিধানিক সুযোগ রয়েছে। জনগণের জন্য ক্ষতিকর প্রতিটি চুক্তির মূল্যায়ন করবে বর্তমান সরকার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
এস এম/ ১২ মে ২০২৬









