জাতীয়

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি

ঢাকা, ১২ মে – রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত প্রতিষ্ঠান আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক জনবল নিয়োগের জন্য বড় আকারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ৩০০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে আবেদনকারীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অন্তত ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকা বাধ্যতামূলক।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুবিধাও পাবেন কর্মীরা। ২০২৬ সালের ১ মে তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

নিয়োগের ক্ষেত্রে তিন ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথমে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেখানে উত্তীর্ণ হওয়ার পর তাদের কম্পিউটার ব্যবহারের ওপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে ব্যবহারিক পরীক্ষায় সফল হওয়া প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৪ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language