জাতীয়

ঢাকা-১৫ আসনে পানির সংকট নিরসনে এলাকাবাসীর সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়

ঢাকা, ১২ মে – ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে ভুক্তভোগী জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাত ৮টার দিকে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর এবং কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ভুক্তভোগীরা জানান, পানির তীব্র সংকটের কারণে অত্র এলাকায় স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দৈনন্দিন প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে পানীয় জলের জন্য তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের অভিযোগ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে এই সংকট আরও তীব্র হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, কোনো স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে।

জনগণের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান এবং সমস্যা সমাধানে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। জামায়াত আমির বলেন, পানির সংকট নিরসনে তিনি ইতিমধ্যেই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করেছেন। এছাড়া বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করার কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, এলাকার সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস পাওয়া গেছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক। এছাড়া স্থানীয় বিভিন্ন বাড়ি মালিক সমিতির প্রতিনিধিরাও সভায় অংশ নিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language