বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় মোদির কঠোর সাশ্রয়ী পদক্ষেপের আহ্বান

নয়া দিল্লী, ১১ মে – ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার এক জনসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি জ্বালানি সাশ্রয়, ভোজ্য তেলের ব্যবহার কমানো এবং বাসায় বসে অফিসের কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মোদি বলেন, করোনা মহামারির সময়ের মতো আবারও হোম অফিস এবং অনলাইন মিটিং প্রথা চালু করা উচিত।
এতে দেশের মূল্যবান জ্বালানি সাশ্রয় হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে তিনি ব্যক্তিগত গাড়ির পরিবর্তে মেট্রো রেল বা কারপুলের মতো গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন।
এর পাশাপাশি আগামী এক বছর অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা থেকে বিরত থাকতে এবং দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা পরিহার করতেও সাধারণ নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। ভোজ্য তেলের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, তেল কম খেলে স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
একে তিনি দেশপ্রেম হিসেবে অভিহিত করেছেন। কৃষকদের উদ্দেশে তিনি রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার আহ্বান জানান। উল্লেখ্য, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকটের শঙ্কা থাকলেও ভারত এখনো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি।
এস এম/ ১১ মে ২০২৬









