জাতীয়

বাজার নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ও কৌশলগত মজুতের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, ১১ মে – বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে সেই লক্ষ্যে সরকার কৌশলগত মজুত, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সরবরাহ ব্যবস্থা এবং টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সোমবার ঢাকার আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য হলো নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিত পণ্য বিক্রির পাশাপাশি বিশেষ উৎসবকে কেন্দ্র করে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন যে গত রমজানে প্রায় ২ কোটি ২৮ লাখ উপকারভোগীর কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয়েছিল যা এবার বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে।

একইভাবে গত বছরের তুলনায় এবার ঈদুল আজহায় খাদ্যপণ্য সরবরাহের পরিমাণ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করে ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে। মন্ত্রী আরও জানান যে দেশের যেকোনো বিশেষ পরিস্থিতি বা বাজারে অস্বাভাবিক চাপের সময় সরকার প্রয়োজন অনুযায়ী টিসিবির কার্যক্রম পরিচালনা করবে। উপকারভোগী তালিকা প্রসঙ্গে তিনি বলেন যে আগের তালিকার অনেক তথ্য প্রশ্নবিদ্ধ থাকায় যাচাই বাছাইয়ের মাধ্যমে বর্তমানে ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০ লাখ পরিবারকে এর আওতায় আনা হবে।

টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং পুরো ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। বাজারে কারসাজি প্রতিরোধে নির্বাচিত কিছু পণ্যের জন্য রাষ্ট্রীয় কৌশলগত মজুত গড়ে তোলা হবে এবং আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআই ভিত্তিক ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় আনা হবে।

এতে করে সরকার বাস্তবসম্মত তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। বাণিজ্যমন্ত্রী বলেন যে সরকার এমন একটি অংশীদারিত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে আরও বেশি উদ্যোক্তা অংশ নিতে পারেন এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম খান এবং স্বাগত বক্তা হিসেবে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ উপস্থিত ছিলেন।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language