জাতীয়

পুলিশের যৌক্তিক দাবি পূরণে সরকারের সদিচ্ছা প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১০ মে – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে।

রোববার রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভায় স্বাগত বক্তৃতা করেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল দীর্ঘ বছর চাকরি করে পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করেন। সেজন্য বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে পুলিশ সদস্যদের কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক থেকে অনারারি উপপরিদর্শক এবং উপপরিদর্শক থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারীদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা প্রদানের কথা ভাবছে সরকার। এটি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এক্ষেত্রে পুলিশের পরিদর্শক থেকে কনস্টেবল পদ পর্যন্ত সদস্যদের এই ভাতার আওতায় আনা হতে পারে। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিক ও যুগোপযোগী করা হবে এবং প্রয়োজনে নতুন হাসপাতাল নির্মাণ করা হবে।

পুলিশের আবাসন সমস্যা ও দাপ্তরিক ভবন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন বদলেছে বিধায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়া অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগের কথা জানিয়ে তিনি পুলিশকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এনএন/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language