রংপুর

আ.লীগ নেতার পরিবারকে উচ্ছেদের নোটিশ, প্রতিবাদ

রংপুর, ২০ ফেব্রুয়ারি – রংপুরে দীর্ঘ ৪৮ বছর ধরে বসবাসরত প্রয়াত এক আওয়ামী লীগ নেতার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ দেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শালবন ইন্দিরার মোড় এলাকায় ওই বাড়ির সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারে সদস্য ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা তালেব উদ্দিন মিয়াকে ৪৮ বছর আগে নগরীর শালবন ইন্দিরা মোড় এলাকায় বসবাসের জন্য একটি জায়গা লিজ দেয়া হয়। সেখানে তার পরিবারের সদস্যরা বসবাস করে আসছেন। গত ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসন থেকে ওই পরিবারকে বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন আইনি জটিলতার কারণে তারা নবায়ন করতে ও ভাড়া দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। অথচ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শুনানির সময় কোনো কথা না শুনেই জানিয়ে দেয়, আপনারা লিজ নবায়ন করেননি।

আরও পড়ুন : দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

এ ঘটনায় হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে গত ১৮ ফেব্রুয়ারি রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত এক আদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ২১ ফেব্রুয়ারির মধ্যে বাসা ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী যেখানে ভূমিহীনদের ঘর তৈরি করে দিচ্ছেন সেখানে ভাষার মাসে আওয়ামী পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা চরম অমানবিক। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করে তাদের ওই বাসায় বসবাস করার সুযোগ দেয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা তালেব উদ্দিনের পুত্রবধূ আখতারুন্নাহার, ছেলে সদরুল আলম, স্বজন সাইফুল ইসলাম, সামসুল আলম দুলাল, গঙ্গাচড়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকেয়া আলম বীথি, সেলিনা ও বদরুল আলম।

বিষয়টি নিয়ে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শুকরিয়া পারভীন জানান, যেহেতু ছুটির দিন চলছে, তাই ফাইল না দেখে কিছু বলা যাবে না।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language