জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নওগাঁ, ১০ মে – জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জামায়াত আমির তার বক্তব্যে দেশের আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি নওগাঁ জেলায় চারজন, চট্টগ্রামে তিনজন এবং গাজীপুরে পাঁচজনকে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাটি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতি কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ যতক্ষণ জনগণের কাছে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য হয়ে উঠবে না, ততক্ষণ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। দেশের সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সমস্যার একমাত্র সমাধান বলে তিনি অভিমত প্রকাশ করেন।
এস এম/ ১০ মে ২০২৬









