উত্তর আমেরিকা

অ্যাপলের বিরুদ্ধে শত কোটি ডলারের মামলা করল কানাডীয় প্রতিষ্ঠান রেভ

অটোয়া, ১০ মে – বহুজাতিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে কয়েকশ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে কানাডাভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেভ। আইনি পদক্ষেপে প্রতিষ্ঠানটি তাদের অ্যাপ পুনরায় অ্যাপ স্টোরে চালুর অনুমতিও চেয়েছে। রেভ এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা দূর থেকে একসঙ্গে ভিডিও দেখা ও আলোচনা করার সুযোগ পান।

অ্যাপটি আইফোন ছাড়াও অ্যান্ড্রয়েড ও কম্পিউটারে ব্যবহার করা গেলেও বর্তমানে এটি অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে না। মামলার অভিযোগে রেভ জানিয়েছে যে ২০২৫ সালে অ্যাপল তাদের অ্যাপটি সরিয়ে দেয়। অ্যাপল আনুষ্ঠানিকভাবে প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগ আনলেও রেভ বলছে এর পেছনে রয়েছে ব্যবসায়িক প্রতিযোগিতা। মূলত ২০২১ সালে অ্যাপল শেয়ারপ্লে নামে একই ধরণের ফিচার চালুর পর থেকেই রেভ অ্যাপটিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা শুরু করে।

রেভ প্রধান নির্বাহী মাইকেল পাজারাটজ এক বিবৃতিতে বলেন অ্যাপল গ্রাহকদের পছন্দ সীমিত করে দিয়েছে এবং আইফোন ব্যবহারকারীদের অন্য প্ল্যাটফর্মের সাথে সংযোগে বাধা দিচ্ছে। অন্যদিকে অ্যাপল অভিযোগগুলো প্রত্যাখ্যান করে জানিয়েছে নীতিমালা লঙ্ঘনের দায়ে রেভ অ্যাপটি সরানো হয়েছে।

অ্যাপলের দাবি ওই অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক এবং শিশু নির্যাতন সংক্রান্ত অবৈধ কনটেন্ট শেয়ার করা হচ্ছিল। তবে রেভ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে অবৈধ কনটেন্টের বিষয়ে তাদের কঠোর অবস্থান রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা এবং নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে অ্যাপলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেভ। এর আগে গেমিং জায়ান্ট এপিক গেমসও অ্যাপলের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ তুলেছিল যা অ্যাপলের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করেছিল।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language