ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৯ মে – সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে।
শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে এবং এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে এটি ছিল দলের ইশতেহার, কিন্তু সরকার গঠনের পর তা জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
তারেক রহমান আরও বলেন, ৫২ শতাংশ মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। আমরা জনগণকে সুশাসন, শিক্ষার উন্নত পরিবেশ এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা দিয়েছিলাম। এখন আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা এমন এক রাজনৈতিক পরিবেশ চাই যেখানে মুক্তভাবে মত প্রকাশ ও বিতর্ক করা যাবে। বিএনপি যদি সহযোগিতা না করে তবে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
এনএন/ ৯ মে ২০২৬









