মানসম্মত প্রাথমিক শিক্ষা সামাজিক সমস্যার স্থায়ী সমাধান : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কক্সবাজার, ৯ মে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারলে মব কালচারসহ বিভিন্ন সামাজিক সমস্যা অনেকাংশে কমে আসবে। দেশের সামগ্রিক সমস্যার মূলে গেলে শিক্ষা ব্যবস্থারই ভূমিকা লক্ষ্য করা যায়। তাই এই শিক্ষাব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
শনিবার কক্সবাজারের লিডারশীপ ট্রেনিং সেন্টারে কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরের জন্য পরিচালিত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের স্কুল ফিডিং ও বাস্তবায়ন সংক্রান্ত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের অবকাঠামো, খেলার মাঠ, প্রারম্ভিক শিক্ষা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধি, মিডডে মিল কার্যক্রম, জনবল সংকট এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে মাঠপর্যায়ের শিক্ষকদের কাছ থেকে সরাসরি মতামত গ্রহণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, কার্যকর যোগাযোগের মাধ্যমেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব। প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতিতে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সরাসরি অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধব উপায়ে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কারে কাজ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে পোশাক, জুতা ও পাঠ্যবই বিতরণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে শুধুমাত্র উপস্থিতিও যথেষ্ট নয়, পাঠদানের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের সময়মতো উপস্থিতি ও পাঠদানের মান নিয়মিত মূল্যায়ন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে অবহেলার কারণে ইতোমধ্যে কয়েকজন প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তিনি শিক্ষা কর্মকর্তাদের ক্ষমতায়ন ও সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
নিজের দীর্ঘ সতেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মৌলিক জ্ঞানের অভাব দেখা যায় যার মূলে রয়েছে দুর্বল প্রাথমিক ভিত্তি। তাই দেশের অর্থনীতি ও সামাজিক শৃঙ্খলার টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করা অপরিহার্য। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার সদর ও রামু উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এস এম/ ৯ মে ২০২৬









