ছাত্র ফেডারেশন ঢাবি শাখার নতুন কমিটি গঠিত: সজিব সভাপতি ও রনি সাধারণ সম্পাদক

ঢাকা, ৮ মে – ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৫তম সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে মো. সজিব হোসেনকে সভাপতি এবং সাকিবুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা এবং সংগঠনের ঢাবি শাখার সাবেক সভাপতি উম্মে হাবিবা বেনজির।
প্রথম অধিবেশন শেষে শ্যাডো চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে পুনরায় অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। পরবর্তীতে দুপুর ২টায় টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচন ও অনুমোদন দেওয়া হয়।
১৫ সদস্যের এই নতুন কমিটিতে সীমা আক্তার সহ-সভাপতি, সাইমুন নাহার কর্ষী ও হৃদিয়া আফরোজ রাকা সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্ক বড়ুয়া, অর্থ সম্পাদক হিসেবে উসাইন মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাদিক আহমেদ মাসুম এবং রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে ফোরকান আফ্রাদ দায়িত্ব পেয়েছেন। কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন হাসীবুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিব হোসেন, সিদরাতুল মুনতাহা ওহী এবং আরমানুল হক।
এস এম/ ৮ মে ২০২৬









